বরাক তরঙ্গ, ১ মার্চ : কাছাড় জেলার উধারবন্দ বনবিভাগের কার্যালয়ে এক আবেগঘন বিদায় সভার মধ্য দিয়ে কর্মজীবন থেকে অবসর নিলেন মারোয়ার ফরেস্ট বিট অফিসার কবীন্দ্র হোজাই এবং কার্যালয়ের কর্মী লক্ষ্মীমণি ছেলেং। একই সঙ্গে বনবিভাগের কর্মকর্তা অরবিন্দ ডেকা নিজ জেলা ডিব্রুগড়ে বদলি হওয়ায় তাকেও বিদায়ী সংবর্ধনা জানানো হয়। শনিবার অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে রেঞ্জার অরবিন্দ ডেকা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ডেপুটি রেঞ্জার কমলেন্দু দাশের হাতে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ-আধিকারিক কমলেন্দু দাশ।
এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিট অফিসার কবীন্দ্র হোজাই, বর্তমান বিট অফিসার ফখরুল ইসলাম বড়ভুইয়া, লক্ষ্মীমণি ছেলেং এবং সাংবাদিক নীহার কান্তি রায়। বিদায়ী ভাষণে অরবিন্দ ডেকা বলেন, মরিগাঁও থেকে উধারবন্দে এসে সহকর্মীদের কাছ থেকে যে আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি কখনও ভুলবেন না। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কাউকে কোনো কটু কথা বলে থাকেন, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ জানান। পাশাপাশি তিনি সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের শেষে সহকর্মীরা অবসরপ্রাপ্ত ও বদলিকৃত তিন কর্মকর্তা-কর্মীকে বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।



