সোনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী প্রাক্তন সেনাকর্মী

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের সেলুরপার গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন স্বামী। জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ প্রাক্তন সেনা কর্মী সিতু দাস তাঁর স্ত্রী শ্যামলী দাসের ওপর দা দিয়ে উপর্যুপরি হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী সিতু দাসকে গ্রেফতার করেছে। এদিকে নিহত শ্যামলী দাসের ভাই দিজেন্দ্র কুমার দাস সোনাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সিতু দাসের পাশাপাশি তাঁর দুই ভাইকেও অভিযুক্ত করেছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিজেন্দ্র দাস জানান, প্রায় ২০ বছর আগে তাঁর বোনের বিয়ে হলেও স্বামীর কাছ থেকে কখনও শান্তি পাননি শ্যামলী। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। একসময় পারিবারিক ও স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল তাঁকে।

তিনি আরও জানান, বুধবার রাতে খবর পান যে তাঁর বোনের ওপর স্বামী দা দিয়ে হামলা চালিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *