আন্তর্জাতিক নারী দিবসে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের আবেগঘন অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে শিলচরের আরবান বিপিএইচসি প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর সম্মান, ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবার ও সমাজ গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা তুলে ধরতে দিনভর নানা সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি রোটারীয়ান ডাঃ রজত দেব বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি হল নারী। পরিবারে মা, বোন ও কন্যাদের ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধই পরিবারকে সঠিক পথে পরিচালিত করে এবং সেই শক্তিই সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা ইতিহাসের বিভিন্ন সময়ে নারীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে বর্তমান সময়ে নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ কাবান তেরোনপি। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্টের সহকারী গভর্নর রোটারীয়ান বিশ্বজিৎ বণিক, রাজর্ষি পাল, আইনজীবী প্রিয়াঙ্কা দে, জিসি কলেজের অধ্যাপক রাজশ্রী দেব, সদর থানার মহিলা পুলিশ কর্মকর্তা উষারানি সিংহ, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরীসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনায় মাতৃস্বাস্থ্য, পুষ্টি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নারীদের আইনি অধিকার সম্পর্কে আইনজীবী প্রিয়াঙ্কা দে বিস্তারিত বক্তব্য রাখেন। সাগ্নিক গুপ্ত তাঁর দলের সদস্যদের নিয়ে মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলচর আরবান স্বাস্থ্য বিভাগের কর্মী ও আশা কর্মীদের পরিবেশিত পরিবার ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নাটক। নাটকের মাধ্যমে পরিবার পরিচালনা ও স্বাস্থ্য সচেতনতায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও দেশের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে একটি বর্ণিল ফ্যাশন শোর আয়োজন করা হয়, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সহ সমাজের বিভিন্ন পেশায় সফল মহিলাদের রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। সমাজে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা অনুষ্ঠানে এক বিশেষ মর্যাদা যোগ করে। সাংস্কৃতিক পর্বে মনীষা রায় ঘোষের সুমধুর সঙ্গীত পরিবেশন এবং নিশা দাসের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, রোটারিয়ান রাজা ভট্টাচার্য, রোটারিয়ান ডাঃ জুরি শর্মা, রোটারিয়ান ডাঃ রিচা দত্ত দেব, ক্লাব সম্পাদক অভিজিৎ পাল, রোটারিয়ান রোহন যাদব, কোষাধ্যক্ষ রোটারিয়ান পুলক দাস, রোটারিয়ান ডাঃ রুহন বিশ্বাস, রোটারিয়ান মাঙ্গিলালজি, রোটারিয়ান মৃ্তুঞ্জয় শর্মা, রোটারিয়ান ললিত বর্মা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ নিকিতা কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *