বরাক তরঙ্গ, ২ মার্চ : ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডের ৭ নম্বর লেনে শাখার উপসভাপতি অধ্যাপক দেবতোষ চক্রবর্তীর বাড়িতে সভার আয়োজন করা হয়। ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার পদাধিকারীদের নির্বাচন আসাম প্রান্ত পর্যবেক্ষক শঙ্কর বিশ্বাসের উপস্থিতিতে এবং প্রোটেম সভাপতি অধ্যাপক দেবতোষ চক্রবর্তীর সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এদিন সর্বসম্মতিক্রমে ড. কিংশুক অধিকারী, শঙ্কর সরকার ও সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী যথাক্রমে পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সমগ্র প্রক্রিয়াটি দক্ষিণ শিলচর শাখার সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রান্ত পর্যবেক্ষক প্রক্রিয়া সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন।
নবনির্বাচিত পদাধিকারীগণ নির্ধারিত সময়ে ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং আশা করা যায় যে তারা ভারত বিকাশ পরিষদের লক্ষ্য ও কার্যক্রম বাস্তবায়নে নিষ্ঠা ও সুসংগঠিতভাবে কাজ করবেন।

এদিনের সভায় পরিষদের উপস্থিত সদস্যদের সামনে পরিষদের সামাজিক কর্মকাণ্ড ও উদ্দেশ্য উপস্থাপন করেন ডাঃ দর্শনা পাটোয়া। অধ্যাপক দেবতোষ চক্রবর্তীর তাঁর বক্তব্যে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা দিক তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনার পর সাংগঠনিক কিছু বিষয়ে এদিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শঙ্কর সরকার।



