বরাক তরঙ্গ, ২৫ মার্চ : রাজ্যজুড়ে এখন বিধানসভা নির্বাচনের হাওয়া বইছে। আগামী ৯ এপ্রিল রাজ্যের ১২৬টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিক বিধিনিষেধ জারি করেছে। সর্বোপরি, আদর্শ নির্বাচন আচরণবিধি কঠোরভাবে পালন করার জন্য সব রাজনৈতিক দলকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের নির্বাচন কমিশন জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৬এ(১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এবং ধারা ১২৬এ(২)-এর বিধান বিবেচনা করে অসম বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে এক্সিট পোল পরিচালনা ও তার ফলাফল প্রচার বা প্রকাশের ক্ষেত্রে নিষিদ্ধ সময়সীমা ঘোষণা করেছে।
এই নির্দেশ অনুযায়ী, ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল ২০২৬ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এই সময়কালে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া কিংবা অন্য কোনও মাধ্যমে অসম বিধানসভা নির্বাচন সংক্রান্ত এক্সিট পোল পরিচালনা, প্রকাশ বা প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এছাড়াও, জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৬(১)(খ) অনুসারে, ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও ইলেকট্রনিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনও বিষয়বস্তু প্রচার, মতামত সমীক্ষা (অপিনিয়ন পোল) বা অন্য কোনও সমীক্ষার ফলাফল প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
অসম বিধানসভা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম, সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।



