বরাক তরঙ্গ, ২১ মার্চ : অপরিসীম আনন্দ, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর শনিবার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।এদিন পূর্ব প্রান্তের আকাশের ভোরের আলো ফুটতেই শহরের ডিএনবি রোডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ভরে ওঠে হাজারো মুসল্লির পদচারণায়। নতুন পোশাকে সজ্জিত ছোট-বড় সবাই দলে দলে ঈদগাহ প্রাঙ্গণে এসে সমবেত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে আদায় করা হয় পবিত্র ঈদের নামাজ। এরপর দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন সবাই। “ঈদ মোবারক” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় সকল ভেদাভেদ।
ঈদগাহ প্রাঙ্গণের বাইরে বসে রঙিন মেলা, যা শিশু-কিশোরদের জন্য ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলনা, মিষ্টি আর নানা রকমের দোকানে উপচে পড়া ভিড় উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।পরে ঈদগাহ কমিটির কর্মকর্তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ধর্মনগরসহ গোটা দেশে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। সব মিলিয়ে, ঈদ শুধু একটি উৎসব নয় এটি ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের এক অপূর্ব দৃষ্টান্ত।





