৮ ফেব্রুয়ারি : সেতুসহ বালি বোঝাই ডাম্পার মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ফালাকাটায়। রবিবার বিকেলে জটেশ্বর ও পাঁচমাইল সংযোগকারী মুজনাই নদীর ওপরের গুরুত্বপূর্ণ ‘বঙ্কিম ঘাট’ সেতুটি হুড়মুড় করে ভেঙে পড়ল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রচুর মানুষের ভিড় ছিল। সেই সময় জটেশ্বর থেকে একটি বালিবোঝাই ডাম্পার সেতু পার হয়ে দেওগাঁওয়ের দিকে যাচ্ছিল। ডাম্পারটি সেতুর ঠিক মাঝামাঝি পৌঁছাতেই বিকট শব্দে সেতুর একাংশ ডাম্পারসহ নিচে ধসে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। বরাতজোরে ডাম্পার চালক অক্ষত অবস্থায় উদ্ধার পেলেও যানটি সেতুর ভাঙা অংশে বিপজ্জনকভাবে আটকে পড়ে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ি ও ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পাকা সেতুটির অবস্থা জরাজীর্ণ ছিল। তা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ না করায় এই ভয়াবহ বিপত্তি ঘটল। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটায় বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকলেও, অলৌকিকভাবে কেউ হতাহত হননি।
এই সেতুটি ভেঙে পড়ার ফলে জটেশ্বর ও পাঁচমাইলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। পুলিশ ও প্রশাসন ডাম্পারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।



