ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : ডিএসএ-র প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি সুপার ডিভিশন লিগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। এবারে এই নামে সুপার ডিভিশন ক্রিকেটের তৃতীয় আয়োজন। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে সকাল আটটায় হবে এদিন এর উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া ক্লাব ও ইউনাইটেড ক্লাব।
রবিবার জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, খেলার স্পন্সরার প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমির কর্ণধার সুধাংশু কুমার দাস, শাখা সচিব নিরঞ্জন দাস ও সচিব (মেজর ক্রীড়া) অরিজিৎ গুপ্ত। উদ্ধোধনী ম্যাচে অংশ নেয়া দুটি সহ প্রতিযোগিতায় অংশ নেবে মোট ছটি দল। বাদবাকি দল গুলির মধ্যে রয়েছে টাউন ক্লাব, ইটখলা স্পোর্টিং, ইটখলা অ্যাথলেটিক ক্লাব ও টেবিল টেনিস ক্লাব। সাংবাদিক বৈঠকের শুরুতে সভাপতি বলেন, এই প্রতিযোগিতা ডিএসএ-র ক্রিকেটের উন্নতির জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় রাজ্য স্তরের অনেক ক্রিকেটার খেলেন। বাইরেরও অনেক ক্রিকেটারকেও এখানে নিয়ে এসে খেলান অংশগ্রহণকারী ক্লাব কর্মকর্তারা। ফলে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রতিভার বিস্ফোরণ হয় এবং ফলস্বরূপ তারা উপকৃত হন। শাখা সচিব নিরঞ্জন দাস জানান, ছয়টি ক্লাব নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলা হবে মোট ৪০ ওভারে। খেলা হবে সাদা বলে। লিগ কাম নক আউট পদ্ধতিতে। ফাইনালের আগে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচের বল প্রতিযোগী দলকেই দিতে হবে। এজন্য অবশ্যই প্রতিটি দলকে ম্যাচ প্রতি দেড় হাজার টাকা করে দেবে আয়োজক ক্রীড়া সংস্থা। ডিএসএ-র ফ্লাড লাইট ঠিকঠাক থাকলে ফাইনাল দিবা রাত্রে আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে।
তিনি এও জানান, প্রতিযোগিতার পুরস্কার মূল্যে এবারে কোন তারতম্য করা হয়নি। গতবারের মতোই এবারে ট্রফি সমেত চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৪০ হাজার টাকা এবং রানার্স দল পাবে ২৫ হাজার টাকা। তাছাড়া ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ট্রফি সমেত তিন হাজার টাকা করে পাবে সেরা বোলার ও ব্যাটসম্যান। ম্যান অব দা ফাইনাল ম্যাচে পুরস্কার রাখা হয়েছে ২ হাজার টাকা। এছাড়া প্রতিটি ম্যাচে দেওয়া হবে সেরা পুরস্কার। প্রতিযোগিতা আয়োজনে স্পন্সরারের পক্ষে দেয়া হয়েছে দেড় লক্ষ টাকা। মোট বাজেট ধরা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
বাদবাকি টাকা আয়োজক জেলা ক্রীড়া সংস্থা বহন করবে। নিরঞ্জনবাবু এও জানান, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২২ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ২৪ ফেব্রুয়ারি। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্পনসরার সুধাংশু দাস। তিনি ডিএসএ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন গত তিন বছর থেকে প্যারামাউন্ট ইংলিশ স্কুল এই সুপার ক্রিকেট আয়োজন করে আসছে। অতিথে এবং এখনো তার স্কুলকে এর সঙ্গে জড়িয়ে রাখাতে ডিএস এ-র কর্তৃপক্ষের প্রতি সাধুবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও টুর্নামেন্ট আয়োজনে ডিএসএ-র সহযোগি হয়ে থাকতে আগ্রহ প্রকাশ করেন।



