ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি: শিলচর ডিএসএ আয়োজিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতলো ক্লাব ওয়েসিস। সেই সুবাদে আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নিল তারা। আগেই সুপার ডিভিশন থেকে অবনমন ঘটেছে উদারবন্দ টেবিল টেনিস ক্লাবের। সেই শূন্যস্থান পূরণ করবে ক্লাব হয়েছে।
সোমবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মালুগ্রাম ক্লাবকে পরাজিত করে ওয়েসিস। ৩৩ রানের ব্যবধানে। টস জিতে মালুগ্রাম ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নিয়ে ক্লাব ওয়েসিস নির্ধারিত ৩৫ ওভারে ৮ উইকেটে ২১৬ রান করে। দলের ওপেনার এস কে যাদব করেন ৭৩ রান। এছাড়া তাপস দাস ৩৯, রাজেশ নাথ ৩৩ এবং বিনয় কৃষ্ণ সাহা ১৯ রান করেন। মালুগ্রাম ক্লাবের বোলারদের মধ্যে সায়ন পাল এবং শামিম আহমদ মীর দু’টি করে উইকেট শিকার করেন।
টার্গেট অতিক্রম করতে নেমে মালুগ্রাম ক্লাব ৩২.৪ ওভারে ১৮৩ রানে সবকটি উইকেট খুইয়ে দেয়। দলের পক্ষে মান্না দাস ৫৬, দীপ সিং ৩১ এবং পিনাক পাল ২২ রান করেন। ওয়েসিসের চন্দ্রদীপ দাস চার উইকেট নিয়েছেন। দুটি করে পেয়েছেন তাপস দাস এবং রাজেশ নাথ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসর তথা আইনজীবী সৌমেন চৌধুরী। ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ক্রিকেট শাখা সচিব নিরঞ্জন দাস সহ অন্য পদাধিকারীরা। এদিন অনুষ্ঠান সঞ্চালনার সময়ে সহসচিব অরিজিৎ গুপ্তকে ভারপ্রাপ্ত সচিব বলে সম্বোধন করেন নিরঞ্জন দাস। আইনজীবী সৌমেন চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত অন্যান্য সহ সভাপতি দেবাশিস সোমকে ভারপ্রাপ্ত সচিব বলে উল্লেখ করেন। কিন্তু দেখা গেছে, খেলোয়াড়দের সার্টিফিকেটে ভারপ্রাপ্ত সচিব হিসেবে সই রয়েছে অরিজিৎ গুপ্তের। এই অবস্থায়, ডিএসএ এখন কার নিয়ন্ত্রণে রয়েছে ? সচিব অতনু ভট্টাচার্যর অবর্তমানে কে-ই বা ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন? এটা এখন লাখ টাকার প্রশ্ন। উপস্থিত সভাপতি শিবব্রত দত্ত নিশ্চুপ থাকার কারণও পরিস্কার নয়।



