ঘরে ঘরে যোগ শিক্ষার আলো ছড়িয়ে  দিতে তৎপর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন: ড. পার্থঙ্কর

Spread the news

শতাধিক কর্মসূচির সংকল্প নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে শুরু মহোৎসব_____

বরাক তরঙ্গ, ১০ মার্চ : শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর “যোগ চেতনা মহোৎসব-২০২৬” শুরু হয়েছে ৮ মার্চ, রবিবার। প্রথম দিনই ছিল তিনটি অনুষ্ঠান। মুখ্য ছিল দু’টি। তারাপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরে সকালে ছিল “যৌগিক ওয়েলনেস” প্রোগ্রাম। অংশ নেন ছাত্রী ও শিক্ষিকারা। স্কুলের অধ্যক্ষা প্রতিমা চক্রবর্তীর কথায় এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের জন্যও জরুরি। কারণ, পড়ুয়াদের সঠিক দিশা দিতে হলে নিয়মিত যোগ অনুশীলনের সংকল্প নিতে হবে শিক্ষক সমাজ সহ অভিভাবকদেরও।

এদিকে, বিকেলে অম্বিকাপট্টি ভক্তিধামে হয় “ধ্যান সে জ্ঞান” ও “যৌগিক প্র্যাকটিসেস ফর উইমেন্স ওয়েলনেস” কর্মসূচি। রাষ্ট্র সেবিকা সমিতির সেবিকা সহ সরস্বতী স্মারক সমিতির কর্মকর্তারা অংশ নেন। নিরাময়ের উপদেষ্টা ড. পার্থঙ্কর চৌধুরী, রাষ্ট্র সেবিকা সমিতির প্রান্ত প্রচারিকা তথা অখিল ভারতীয় পদাধিকারী সুপর্ণা দেব, নিরাময় স্কুল অব যোগ এডুকেশন এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, যোগাচার্য রাহুল, যোগ শিক্ষিকা তুলনা দাস পুরকায়স্থ সহ অন্যরা উপস্থিত ছিলেন।  এ দিনের যোগ কর্মসূচিগুলোতে প্রধান রিসোর্স পার্সন ছিলেন শতাক্ষী ভট্টাচার্য।

নিরাময়ের উপদেষ্টা পার্থঙ্কর চৌধুরী জানান, ঘরে ঘরে যাতে যোগ শিক্ষার আলো পৌঁছে যায়, এই লক্ষ্যে কাজ করছে নিরাময়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার প্রতি গুরুত্ব রয়েছে। ফলে, যোগ চেতনা মহোৎসবের বেশিরভাগই শহর-নগর থেকে দূরে আয়োজিত হয়ে থাকে। নয়তো, এ সব এলাকার পড়ুয়ারা , যাঁরা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাঁদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়।

ড. পার্থঙ্কর আরও জানান, প্রতিবছরই ২১ জুন যোগ দিবসকে কেন্দ্র করে “যোগ চেতনা মহোৎসব”করে নিরাময়। এর অন্তর্গত শতাধিক যোগ বিষয়ক কর্মসূচি আয়োজন করে  এই যোগ প্রতিষ্ঠান। উৎসব চলে ৩০ জুন পর্যন্ত। আর প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে উদ্বোধন হয় উৎসবের। এই সময়ে বিভিন্ন সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এ সবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে নিরাময়। তার মধ্যে থাকে কর্মশালা, সচেতনতা অনুষ্ঠান, উওমেন্স স্পেশাল যোগ সেশন, স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স ইত্যাদি। প্রসঙ্গত, শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন ভারত সরকারের আয়ুষমন্ত্রক যোগ বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত যোগ ইনস্টিটিউট। এটি আইএসও সার্টিফায়েড ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *