মায়ের স্মৃতিতে এক লক্ষ টাকা দান সর্বোদয় ট্রাস্টে ডাঃ চাঁদনির

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : মা দীপ্তা চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. চাঁদনি চক্রবর্তী মালুগ্রাম সর্বোদয় ট্রাস্টকে এক লক্ষ টাকা দান করেছেন। স্বাধীনতা সংগ্রামী সর্বত্যাগী প্রয়াত শচীন্দ্রমোহন দত্ত (লাখুদার) প্রতিষ্ঠিত সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় ট্রাস্টের নিজস্ব জমিতে ধারাবাহিক উন্নয়নমূলক কাজ চলছে। এর পাশাপাশি শুরু হয়েছে নানা জনকল্যাণমূলক প্রকল্প। ইতিমধ্যেই বহু দাতা স্বতঃস্ফূর্তভাবে ট্রাস্টের কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

কলকাতা থেকে শিলচরে আগমন করে ডাঃ চাঁদনি চক্রবর্তী সর্বোদয় ট্রাস্টের অন্তর্গত সর্বোদয় বিদ্যালয় এবং ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ট্রাস্টের সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি অত্যন্ত অভিভূত হন এবং সেই অনুপ্রেরণায় তাঁর প্রয়াত মা দীপ্তা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে সর্বোদয় ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। ৩০ জানুয়ারি তিনি সর্বোদয় বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ওইদিন ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক শেখর পাল চৌধুরী, অমিত নাগ, প্রধান শিক্ষিকা অনিতা বসু, বিপা চক্রবর্তী, রূপশ্রী পুরকায়স্থ, মৌসমী চৌধুরী ও মধুমিতা আচার্য। এদিন সর্বোদয় ভবনের দেওয়ালে প্রয়াত দীপ্তা চক্রবর্তীর প্রতিকৃতি স্থাপন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁকে স্মরণে রাখা হবে।

উল্লেখ্য, ডাঃ চাঁদনি চক্রবর্তী শিলচর মেডিক্যাল কলেজ থেকে এমডি ডিগ্রি অর্জন করেছেন। ডাঃ চক্রবর্তীর বাবা অয়েল ইন্ডিয়া লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিক তথা ইঞ্জিনিয়ার প্রয়াত সত্যরঞ্জন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *