বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : কর্তব্যে অবহেলার অভিযোগে কাছাড় জেলার স্কুল পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণেশ হরিজনের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষা দপ্তরের আয়ুক্ত সচিবের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত আধিকারিককে গত ২৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে শিলচর থেকে গুয়াহাটিতে বড়ো মাধ্যম ও অন্যান্য উপজাতীয় ভাষা সঞ্চালকালয়ে ডেপুটি ডিরেক্টর পদে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি সরকারি বদলির নির্দেশ পালন করেননি। এই নির্দেশ অমান্য করার কারণেই তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গণেশ হরিজন শিলচর ত্যাগ করতে পারবেন না।


