বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। সোমবার তিনি অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ডিডিএমএ-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌভিক ভুঁইয়া, শিলচর সদর সার্কল অফিসার, জেলা প্রকল্প আধিকারিক (ডিডিএমএ) এবং ফিল্ড অফিসার (দুর্যোগ ব্যবস্থাপনা)-কে সঙ্গে নিয়ে শিলচর শহর ও সংলগ্ন গ্রামাঞ্চলে বিস্তৃত পরিদর্শন করেন। এই পরিদর্শনে প্রতিনিধি দল চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম খতিয়ে দেখেন। এর মধ্যে রাস্তা পরিষ্কারের কাজ, বসতবাড়ির ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভাগ দ্বারা পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগগুলি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণও মূল্যায়ন করা হয়।

উল্লেখ্য, রবিবার দুপুরে বিধ্বংসী ঝড়ে শিলচর শহর সহ কাটিগড়া, উধারবন্দ, সোনাই কেন্দ্রের বহু অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ঘরের চাল উড়ে যায়। গাছ, বিদ্যুতের খুঁটি, ঘর ভেঙে মারাত্মক ক্ষতিসাধন করেছে। বেশ কয়েকটি বাহনও ক্ষতি হয়। বিছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। সারা অন্ধকারে কাটাতে হয় বহু অঞ্চল। এই পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন বিভিন্ন বিভাগের কর্মীরা।



