বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ পাল চৌধুরীর মাতৃদেবী সুষমারানি পাল চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মানবিক ও স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়। নববর্ষের প্রথম দিন, ১ জানুয়ারি, পাল চৌধুরী পরিবারের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা-র ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম পর্বে বিকেলে ভরাখাই গ্রাম পঞ্চায়েতের কুয়ার পারস্থিত শিবমন্দির প্রাঙ্গণে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এরপর সন্ধ্যায় রামনগর শিশু সদনের আবাসিক শিশুদের মধ্যেও একইভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উভয় স্থানেই উপস্থিত থেকে প্রয়াত সুষমারানি পাল চৌধুরীর স্মৃতিতে ছাত্রছাত্রীদের হাতে এই সামগ্রী তুলে দেন বিশ্বজিৎ পাল চৌধুরী, কৃষ্ণা পাল চৌধুরী ও দিব্যা দেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস এবং সংগঠনের সক্রিয় সদস্যা লিপিকা দাস, যাঁরা সামগ্রী বিতরণে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
প্রয়াত সুষমারানি পাল চৌধুরী পুত্র তথা কর্মচারী ফেডারেশন নেতা বিশ্বজিৎ পাল চৌধুরী সক্রীয় ভাবে সমাজসেবামূলক কাজে সদা অগ্রণী থাকেন । তাঁর মাতা ও পিতার স্মৃতিতে প্রতিবছরই এই ধরনের উদ্যোগ নবপ্রজন্মের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নববর্ষের প্রথম দিনেই এমন মানবিক কর্মকাণ্ডে অনেকেই প্রশংসা করেন ।



