আত্মনির্ভর অসম অভিযানের চেক বিতরণ, যুবক-যুবতীদের উদ্দেশে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : যুবশক্তিকে সবল করে আত্মনির্ভর অসম গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উচ্চাভিলাষী পদক্ষেপ ‘মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান–২.০’-এর অধীনে আজ প্রথম কিস্তির আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। খানাপাড়ার জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, ২০২০ সালে যেখানে মাত্র ৯ হাজার যুবক MSME পোর্টালে নিবন্ধন করেছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে ২ লক্ষে পৌঁছেছে। পাশাপাশি ১২ লক্ষ যুবক-যুবতী উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ঘোষণা করেন, আগামী মার্চ মাসে CMAAA ৩.০-এর আবেদন পোর্টাল চালু করা হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এইবার CMAAA ৩.০-তে আমি ৫ লক্ষ আবেদন চাই। গতবার ২ লক্ষ টাকা করে পাওয়া ২৫ হাজার উপভোক্তার মধ্যে ৯০ শতাংশ ভালোভাবে কাজ করেছেন, তবে ১০ শতাংশ টাকা অপব্যবহার করেছেন।”
আগামী দিনে পুনরায় সরকার গঠিত হলে পাঁচ বছরে ১০ লক্ষ ছেলে-মেয়েকে CMAAA-র আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা সবাইকে সরকারি চাকরি দিতে পারব না, কিন্তু আমাদের দেওয়া অর্থ দিয়ে আপনারা অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করবেন। তখন আমিও ধরে নেব, আপনাদের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে।”

এছাড়া তিনি আরও বলেন, “দুই-একজন ঋণ পরিশোধ না করলে সরকার ব্যাঙ্ককে সেই অর্থ ফেরত দেবে। কয়েকজন উদ্যোক্তার জন্য ব্যাঙ্কগুলো যেন ঋণ প্রদান বন্ধ না করে।” ব্যাঙ্কগুলির প্রতি এই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অল্প কয়েকজনের কারণে যেন প্রকৃত উপভোক্তারা বঞ্চিত না হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *