বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কাছাড় জেলা সমগ্র রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ফল অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জেলার শিক্ষা ব্যবস্থার বেহাল দশাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এআইডিএসও-র পক্ষ থেকে বলা হয়, সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাব, পরিকাঠামোর দৈন্যদশা, শিক্ষকদের পঠনপাঠনের বাইরে অন্য কাজে যুক্ত রাখা এবং সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের ভ্রান্ত নীতি এই বিপর্যয়ের মূলে। সরকারি স্কুলগুলোতে নিয়মিত পঠন-পাঠনের পরিবেশ তলানিতে গিয়ে ঠেকেছে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে সরকারের শুধুমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার উন্নতির দাবি করলেই চলবে না, শিক্ষানুরাগী জনগণ, শিক্ষক সংগঠন, শিক্ষাবিদ এবং ছাত্র ছাত্রীদের মতামত ও পরামর্শ নিয়ে শিক্ষা ক্ষেত্রের বেহাল অবস্থা পরিবর্তনে গুরুত্ব আরোপ করতে হবে। অন্যথায় মেধাবী ছাত্রছাত্রীরা সঠিক দিকনির্দেশের অভাবে পিছিয়ে পড়বে।
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে অবিলম্বে জেলার প্রতিটি সরকারি স্কুলে শিক্ষকদের শূন্য পদ পূরণ করতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। শিক্ষার এই সংকটজনক পরিস্থিতিতে অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এআইডিএসও।



