১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ দীপায়ন চক্রবর্তীর

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বৃহত্তর শিলচর এলাকায় ১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের এককালীন আর্থিক চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই চেকগুলি উপভোক্তাদের হাতে তুলে দেন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন কংগ্রেসের শাসনের পর ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং ২০১৬ সালে অসমেও বিজেপি সরকার গঠিত হয়। পরবর্তীতে ২০২১ সালে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

এই চিকিৎসা সহায়তা বিতরণকে রাজ্য সরকারের জনকল্যাণমূলক নীতির আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগ অসহায় ও দুঃস্থ রোগীদের জন্য বড় সহায়তা এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *