পাথারকান্দিতে ডিজিটাল পাট্টা বিতরণ কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : অসন রাজ্য সরকারের ভূমি সংস্কার কর্মসূচি মিশন বসুন্ধরা ৩.০-এর আওতায় শুক্রবার পাথারকান্দিতে এক ঐতিহাসিক অনুষ্ঠানে ৪৪টি সরকারি বিভাগ ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে ডিজিটাল পাট্টা তুলে দিলেন রাজ্যের মীন পশু পালন ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এমর্মে পাথারকান্দি রবীন্দ্রভবনে আয়োজিত এই বিশাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও শতাধিক উপভোক্তা পরিবার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিশন বসুন্ধরা ৩.০’-এর সূচনা করার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি শুরু হয়। তারই অংশ হিসেবে পাথারকান্দিতে এদিন ডিজিটাল পাট্টা ও ভূমি বন্দোবস্তি পত্র বিতরণ সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে জমির আইনি স্বীকৃতি থেকে বঞ্চিত বহু খিলঞ্জিয়া পরিবার এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হবে। ডিজিটাল পাট্টা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা, দ্রুততা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্যে বলেন ভূমিহীন খিলঞ্জীয়া পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপ। রাজ্যের প্রতিটি প্রান্তে জমির অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও যোগ করেন, ডিজিটাল নথিপত্রের মাধ্যমে ভবিষ্যতে জমি সংক্রান্ত জটিলতা ও দুর্নীতি অনেকাংশে কমবে।কংগ্রেসকে নিশানা অনুষ্ঠানের মঞ্চ থেকে বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তার অভিযোগ, কংগ্রেস আমলেই পাথারকান্দিতে সর্বাধিক সরকারি জমি দখল হয়েছে। বিজেপি সরকার আদালতের নির্দেশ মেনেই সরকারি জমি দখলমুক্ত করছে। বন বাঁচাতে হবে, সরকারি সম্পত্তি রক্ষা করতেই হবে বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, বিজেপি ভোটের রাজনীতি করে না। ভোটের স্বার্থে কংগ্রেস সন্দেহজনক ব্যক্তিদের রক্ষণা-বেক্ষণ দিয়ে সরকারি জমি জবরদখল করিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। নাগরিকত্ব ও ভোটার তালিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন প্রকৃত ও বৈধ নাগরিকদের নাম কখনও কর্তন হবে না। শুধুমাত্র অবৈধ ভোটারদের নামই বাদ যাবে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রশাসনিক উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি মানবজ্যোতি বড়ো পাথারকান্দির স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাঃ বিকে সিং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের উপস্থিতি ও সুসংগঠিত ব্যবস্থাপনায় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *