ধলাইয়ে জোর প্রচার অমিয়কান্তির, বড়জালেঙ্গা মণ্ডলে একাধিক কর্মিসভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : ধলাই কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাশ জনসংযোগ ও সংগঠন মজবুত করতে দিনভর প্রচার চালান। রবিবার বড়জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যান। দিনভর কর্মসূচির সূচি অনুযায়ী লোহারবন্দ শিববাড়ি, কালাচাঁদ বাড়ি, সোনাছড়া ভৈরব বাড়ি, বড়োদোকান দুর্গা মন্দির, বিনোদনগর দুর্গাবাড়ি, বাগবাহার নাচঘর, যোগীরবন্দ ভৈরববাড়ি, দাসপাড়া কালীবাড়ি, বড়জালেঙ্গা মণ্ডল কার্যালয়, সর্বনটিলা দুর্গাবাড়ি, বাসুদেবপুর কালীবাড়ি এবং বড়জালেঙ্গা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একাধিক কর্মিসভা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।এই কর্মসূচিগুলিতে বড়জালেঙ্গা মণ্ডলের সভাপতি অজয় দেবের নেতৃত্বে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি, বুথ সভাপতি, বিভিন্ন মোর্চার সভাপতি সহ মণ্ডলের পদাধিকারী এবং অসংখ্য সক্রিয় কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে প্রতিটি সভা সংগঠনের শক্তি ও ঐক্যের পরিচয় বহন করে। অমিয়কান্তি দাশ তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস” মন্ত্রকে সামনে রেখে ধলাইয়ের সার্বিক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্বচ্ছ প্রশাসন, উন্নত পরিকাঠামো, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারকে অগ্রাধিকারের জায়গায় রাখার কথা জানান। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান ও নারীদের স্বনির্ভরতার বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জনসংযোগের সময় তিনি নিজেকে কেবল একজন প্রার্থী নয়, এলাকার পরিবারের সদস্য হিসেবেও তুলে ধরেন। তাঁর সহজ-সরল আচরণ ও মানুষের সঙ্গে আন্তরিক সংযোগ সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। দিনভর এই নিবিড় প্রচার ও কর্মীদের উচ্ছ্বাসে ধলাই কেন্দ্রে নির্বাচনী আবহ আরও সরগরম হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *