রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো অরুনোদয় ৩.০ প্রকল্পের ধনরাশি বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে ধলাই বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় হিতাধিকারীদের নিয়ে বিশেষ সভা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুনোদয় প্রকল্প –এর তৃতীয় পর্যায়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় অনুষ্ঠানের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত অরুনোদয় হিতাধিকারী মহিলা, স্থানীয় জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় সেই অনুষ্ঠান উপভোগ করেন। এদিন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দ্বিতল ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নীহাররঞ্জন দাস।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারই একমাত্র সরকার, যারা নারীদের সামাজিক ও আর্থিক ক্ষমতায়নের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চালু হওয়া অরুনোদয় যোজনা বর্তমানে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৪০ লক্ষেরও বেশি মহিলা উপকৃত হচ্ছেন, যা তাদের পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।
বিধায়ক আরও বলেন, রাজ্য সরকার নারীদের সম্মান ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে অরুণোদয় ছাড়াও একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য সমর্থন জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা সহ প্রভারী রাহুল ভট্টাচার্য, ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সাহেলা পারবিন, উপ-সভাপতি আমির হোসেন লস্কর, মণ্ডল সম্পাদক কৃষ্ণ চন্দ্র সিংহ, মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সাবিল হোসেন লস্কর, তপশিলি মোর্চার সভাপতি নবেন্দু লস্কর সহ স্থানীয় দলের একাধিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন, যা সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে বিশেষ সহায়ক হচ্ছে।
সমগ্র অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে হিতাধিকারীদের উদ্দেশ্যে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সচেতনতা বার্তা প্রদান করা হয়।



