বরাক তরঙ্গ, ১৬ মার্চ : দুই-তিন ধরে লাগাতার প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজ সমষ্টির মানুষের পাশে দাঁড়ালেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। সোমবার বিজেপি নেতৃবৃন্দ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পূর্ব ধলাইর মণিয়ারখাল জিপির স্মিতনগর দ্বিতীয় খণ্ড, নুনিয়াপাড়া, দাসপাড়া সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন।

এলাকা পরিদর্শনের সময় বিধায়ক দেখতে পান বহু মানুষের চাল ফুঁটো হয়ে ঘরে জল পড়ছে। ঘরের বিছানাপত্র, আসবাবপত্র ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরের চাল সম্পূর্ণ উড়ে গেছে। তিনি এব্যাপারে কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুস গর্গ ও ধলাই সমজেলা আয়ুক্ত রক্তিম বরুয়ার সাথে কথা বলেন এবং অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন।
এদিন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সম্পাদক পরেশ তাঁতি, পূর্ব ধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, প্রীতম ঘোষ, বকুল দাস, রামচন্দ্র নুনিয়া, শ্যামলাল রবিদাস, সন্তোষ পাত্র সহ অন্যান্যরা।




