ধলাই অযাচক আশ্রমে দু’দিনের উৎসবে রক্তদান শিবির, আলোচনাসভা, নাটকের আয়োজন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : উনিশ শতকের সর্বধর্ম সমন্বয়ের অমর প্রতীক শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব পালন করছে দক্ষিণ অসম সম্মিলিত অখণ্ড সংগঠন এবং ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠন। অযাচক আশ্রমের তত্ত্বাবধানে আগামী শনি ও রবিবার  বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালন করা হবে। স্বামী স্বরূপানন্দের ভাবাদর্শ ‘হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান, শিখ, ইহুদী বা মুসলমান—আমার চক্ষে সব সমান’ এই উদাত্ত আহ্বান জগৎ মঙ্গলের জন্য গোটা ভারতবর্ষে এক আলোড়ন সৃষ্টি করেছিল। এই আদর্শকে সামনে রেখে উৎসবের সব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শনিবার পালংঘাট সিসিজেসি উচ্চমাধ্যমিক খেলার মাঠে বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই শিবির সমাজের সেবামূলক চেতনাকে আরও জাগ্রত করবে বলে আশা করা হচ্ছে। পরের দিন রবিবার অযাচক আশ্রমে সহস্রাধিক ভক্তের সমাগমে সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে। দুপুরে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দের ভাবাদর্শ বিষয়ক আলোচনা সভায় কাছাড় জেলার বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট বক্তারা অংশ নেবেন। এরপর প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের দ্বারা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া স্বামীজীর আদর্শভিত্তিক নাটক ‘সাম্যের প্রতীক’ মঞ্চস্থ হবে, যা দর্শকদের মনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা গেঁথে দেবে।উৎসবের সকল অনুষ্ঠান অযাচক আশ্রমে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে দক্ষিণ আসাম অখণ্ড সংগঠনের যুগ্ম সম্পাদক মৃদুল দাস বলেন, “স্বামী স্বরূপানন্দের আদর্শ আমাদের সমাজকে একত্রিত করে। এই উৎসবের মাধ্যমে আমরা সকলে সর্বধর্ম সমন্বয়ের প্রতি পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হব।” এতে উপস্থিত ছিলেন ধোলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি সুবোধরঞ্জন দাস, সম্পাদক অমিতাভ বোস, উৎসব কমিটির সভাপতি সমিরন রায়, সম্পাদক পবিত্র দেসহ পালংঘাট অখণ্ড মণ্ডলীর কার্যকরী সভাপতি বিজিত দে, সম্পাদক বিপ্লব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *