বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : প্রশাসনের বারবার আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের সংগঠন পিছু হটেনি। দ্বিতীয় দিনেও কাছাড় জেলায় তাদের সত্যাগ্রহ অব্যাহত রয়েছে। মন্ত্রী কৌশিক রায়ের বৈঠকের আমন্ত্রণ এবং ২১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বরাক সফরে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি— যতদিন তাঁদের মূল দাবি সংসদে উত্থাপিত না হয়, ততদিন আন্দোলন চলতেই থাকবে। কাছাড় জেলা বিজেপি ও প্রশাসনের একাধিক আলোচনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।
সত্যাগ্রহকারীরা জানান, দশ বছর ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে পুরো সমাজ বিকল্প পথ খুঁজবে বলেও তাঁরা সতর্ক করেছেন। আন্দোলনের তীব্রতা বাড়াতে আরও সংগঠন যোগ দিতে পারে বলে স্থানীয় সূত্র জানাচ্ছে।
উল্লেখ্য, ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার ৩০০টি শিক্ষক পদ সৃষ্টি করা, কেন্দ্রীয় ওবিসি তালিকার গেজেট নোটিফিকেশন প্রকাশ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনোমাস কাউন্সিল গঠন ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনশন শুরু করেন সংগঠনগুলোর সদস্যরা। অনশনে বসেছেন মহাসভার কর্মকর্তা গোপীদাস সিন্হা, নিশিকান্ত সিনহা ও অঞ্জনা শর্মা সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র সংস্থার বীরকুমার সিনহা ও প্রীতম সিংহ, গণ সংগ্রাম পরিষদের বিজু সিনহা এবং মহিলা সংস্থার নমিতা রাজকুমারী। তাঁদের সমর্থনে অনশনস্থলে বসেছেন অন্যান্যরাও।



