পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : বরাক উপত্যকায় গৌহাটী হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ড. হারাণ দে।
স্মারকলিপিতে ড. দে বলেন, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করা উচিত। উদাহরণস্বরূপ, বলা হয়েছে যে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপন করা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে যে রাজ্য সরকার বর্তমানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে শিলচরে একটি মিনি সচিবালয় স্থাপন করছে – যা প্রত্যন্ত বরাক উপত্যকার মানুষদের উপকারে আসবে। অতএব বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের পুরনো দাবি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন।



