বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : মণিপুরি সমাজের সার্বিক উন্নয়নে শাসকদল থেকে মণিপুরি প্রার্থী দেওয়ার দাবি উঠল কাছাড়ে। মঙ্গলবার শিলচরে এক গুরুত্বপূর্ণ সভায় এমন দাবি তুলে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। তাঁরা মণিপুরি সমাজ থেকে বিজেপির প্রার্থী নির্বাচনের জোরালো দাবি জানান।
সভায় বিশিষ্ট সমাজসেবী লক্ষীবাবু সিংহ জানান, তিনি বড়খলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কাছে দাবি পেশ করেছেন। তিনি বলেন, তিনি অরুণাচল প্রদেশে একজন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চাকরির পাশাপাশি জনসেবার কাজ করে এসেছেন। তাঁর অভিযোগ, বর্তমানে বড়খলার বিধায়ক বিজেপির নন, ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিজেপি সরকারের সহযোগিতা সত্ত্বেও ওই অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।
লক্ষীবাবু সিংহ আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে বড়খলা আজও পিছিয়ে রয়েছে। উন্নয়নের স্পষ্ট মনোভাব এবং কাজের অভিপ্রায় নিয়েই তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান।
সভায় উপস্থিত বিজেপি সদস্য রাজকুমার গোপাল সানা ও সৈত্যেন্দ্র সিংহ বলেন, সমগ্র অসমে মণিপুরি সমাজের কোনও বিজেপি প্রতিনিধি নেই, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা বড়খলা থেকে বিজেপির প্রার্থী দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং মণিপুরি সমাজ থেকে প্রার্থী দেওয়া হলে এলাকার উন্নয়নে গতি আসবে।
সভায় আরও বলা হয়, বিশুদানন্দ মহাত্ত জনসেবার মনোভাব নিয়ে বড়খলার উন্নয়নের শূন্যস্থান পূরণ করতে মাঠে নামছেন। সভায় উপস্থিত ছিলেন এস কমলাকান্ত সিংহ, এস শুভংকর সিংহ, জীবলাল সিংহ, এস প্রেমেন্দ্র সিংহ প্রমুখ।



