বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে চাকমা স্বশাসিত জেলা পরিষদে (CADC) আরও ছয় মাসের জন্য রাজ্যপালের শাসন (Governor’s Rule) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিজোরামের রাজ্যপাল বিজয়কুমার সিং। সোমবার জেলা পরিষদ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল ২০২৫ সালের ৭ জুলাই থেকে ছয় মাসের জন্য CADC-র কার্যাবলি ও ক্ষমতা নিজের হাতে গ্রহণ করেছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যপালের শাসন আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজ্যপালের শাসনের প্রথম ছয় মাসের মেয়াদ ৭ জানুয়ারি শেষ হওয়ার পর লকখন চাকমা নিজেকে CADC-র প্রধান হিসেবে দাবি করেন। এর পর রাজ্যপাল বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী লালদুহোমার নেতৃত্বাধীন মন্ত্রিসভার মতামত চান।
মন্ত্রিসভা পর্যবেক্ষণে জানায়, রাজ্যপালের শাসন বাড়ানোর কোনও যৌক্তিকতা নেই, কারণ মিজোরামে শাসনকারী রাজনৈতিক দল জোরাম পিপলস মুভমেন্ট (ZPM) পরিষদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ভোগ করছে। তবে রাজ্যপাল বিজয় কুমার সিং জানান, নির্বাচিত সদস্যদের ঘনঘন রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের কারণে CADC-তে রাজ্যপালের শাসন অব্যাহত রাখা প্রয়োজনীয় হয়ে পড়েছে।



