নেহরুর মূর্তি ভাঙার রহস্য উদঘাটনে বিলম্ব কেন, সিপিএমের প্রশ্ন

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : লক্ষীপুরের জনবহুল এলাকায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহওলাল নেহেরু মূর্তি ভাঙচুরের ঘটনায় রহস্য উদঘাটনে বিলম্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে সিপিএমের কাছাড় জেলা কমিটি। দলীয় সূত্রে জানানো হয়, মূর্তি পুনঃস্থাপনের মাধ্যমে জনরোষ প্রশমনের উদ্যোগ নেওয়া হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনও সনাক্ত করা না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সিপিআই (এম)। অভিযোগ, কয়েকদিন পেরিয়ে গেলেও ব্যবহৃত এস্কেভেটরের মালিক কিংবা দুষ্কৃতকারীদের কাউকে চিহ্নিত করতে না পারা “বিশ্বাসযোগ্য নয়”।

এছাড়া লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। সিপিআই (এম)-এর বক্তব্য, কাছাড় জেলায় এ ধরনের ঘটনা অতীতে ঘটেনি এবং এই ভাঙচুরের ঘটনা অঞ্চলের সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত হেনেছে। দলীয় বিবৃতিতে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙচুর কেবল একটি এলাকার নয়, গোটা জাতির জন্য অপমানজনক। এটি কোনও পরিকল্পিত চক্রান্ত কি না, তা দ্রুত তদন্তের মাধ্যমে স্পষ্ট করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও রহস্য উদঘাটনের দাবিতে সিপিআই (এম) কাছাড় জেলা কমিটি প্রশাসনের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *