ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আশঙ্কা প্রকাশ সিপিএমের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : সাম্প্রতিক ভোটার তালিকার উপ- বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করল সিপিএম কাছাড় জেলা কমিটি। রবিবার মালুগ্রামস্থিত শহিদ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, সারা অসম এবং কাছাড় জেলায় পরিকল্পিতভাবে একটি বিশেষ সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাঁদের দাবি, বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফর্ম-৭-এর মাধ্যমে নামে-বেনামে ভুয়া অভিযোগ জমা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিযোগপত্রে ভুয়া স্বাক্ষর রয়েছে, আবার কোথাও কোনও স্বাক্ষর ছাড়াই অভিযোগ দাখিল করা হচ্ছে। কোথাও একজন অভিযোগকারী একাধিক ভোটারের বিরুদ্ধে অভিযোগ জমা দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ আরও জানান, অভিযোগকারীর সত্যতা যাচাই না করেই বিভিন্ন জায়গায় অভিযুক্ত ভোটারদের নোটিস পাঠানো হচ্ছে। এর ফলে অসমের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাঁদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে অভিযোগকারীকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ দায়ের করার বিষয়টি অস্বীকার করছেন। সিপিএমের বক্তব্য অনুযায়ী, নগাঁও জেলায় দলের হস্তক্ষেপে ১৪১ জন ভোটারের বিরুদ্ধে আনা ভুয়া অভিযোগ বাতিল করতে নির্বাচন আধিকারিক বাধ্য হয়েছেন। একইভাবে অন্যান্য জেলাতেও দলের হস্তক্ষেপে ভুয়া অভিযোগ খারিজ করা হয়েছে বলে দাবি করা হয়। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত মুখ্যমন্ত্রীর বক্তব্য ‘মিয়াদের চাপে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে’—এই বিষয়টি প্রমাণ করে যে, শাসকের নির্দেশে এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদতে অগণতান্ত্রিকভাবে হাজার হাজার ভোটারের নাম বাতিল করার ষড়যন্ত্র চলছে। শ্রীভূমির এক বিএলও-র বক্তব্যেও এই বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে দাবি করা হয়।

সিপিএম এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টির যথাযথ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া অভিযোগ বাতিল করার দাবি জানায়। এ বিষয়ে দলের পক্ষ থেকে জেলা প্রশাসকের বাংলোয় নির্বাচন আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। পাশাপাশি দলের পক্ষ থেকে সাধারণ মানুষকে নীরব না থেকে এই ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, দুলাল মিত্র, সুরজিৎ ঘোষ, দেবজিৎ গুপ্ত, দেবজ্যোতি দে, সুভাস দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *