রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মার্চ : অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র রাজ্যের পাশাপাশি কাছাড় জেলার শিলচরেও অনুষ্ঠিত হল কংগ্রেসের “সময় পরিবর্তন পদযাত্রা”।
শনিবার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে নরসিংতলা ময়দান থেকে কয়েক হাজার কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে শহর জুড়ে এই পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ।
এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের সম্ভাব্য ২০২৬ সালের নির্বাচনী প্রার্থী অভিজিৎ পাল জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গৌরব গগৈ সমগ্র অসম জুড়ে “সময় পরিবর্তন যাত্রা” শুরু করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই শিলচরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
তাঁরা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একইসঙ্গে ধলাই ও বড়খলা এলাকাতেও শান্তিপূর্ণভাবে “সময় পরিবর্তন পদযাত্রা” সম্পন্ন হয়েছে বলে জানান নেতারা।

তাঁদের দাবি, রাজ্যের মানুষ এবার পরিবর্তন চাইছেন এবং আগামী নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাবে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন অজিত সিং, সজল বণিক, সভাপতি সজল আচার্য, অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ সরকার, অতনু ভট্টাচার্য, সহ যুব কংগ্রেস, সেবা দল, মহিলা কংগ্রেস ও এনএসইউআইয়ের কর্মীরা।



