সোনাইয়ে প্রচারে ঝড় অগপ-র
কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছেন। এরই মধ্যে সোনাই আসন পুনর্দখলের লক্ষ্য নিয়ে শাসক জোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু প্রচারে গতি বাড়িয়েছেন।
শুক্রবার বাঁশকান্দি অঞ্চলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন অগপ-এর কার্যকরী সভাপতি অতুল বরা, উপ-সভাপতি অপূর্ব ভট্টাচার্য এবং সম্পাদক সুনীল ডেকা। সভার মাধ্যমে এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র করার চেষ্টা করা হয়।
সভায় করিম উদ্দিন বড়ভূইয়া তাঁর গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন। পরে উপস্থিত দর্শকদের একাংশ সরে যেতে শুরু করলে মুখ্য বক্তা অতুল বরাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।

অতুল বরা তাঁর ভাষণে বলেন, উন্নয়নের স্বার্থে করিম উদ্দিন বড়ভূইয়াকে জয়ী করা জরুরি। তিনি দাবি করেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে পুনরায় জোট সরকার গঠিত হবে এবং করিম উদ্দিন নির্বাচিত হলে সোনাইয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অরুণোদয় ও মহিলা উদ্যোমিতা প্রকল্পের সুবিধা থেকে পূর্বে অনেক মহিলা বঞ্চিত হয়েছেন, তবে নতুন সরকার এলে সেই সুবিধা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বস্ত করে অতুল বরা বলেন, জোট সরকারের আমলে কোনও সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেনি। অতীতে কংগ্রেস আমলেই এ ধরনের ঘটনার নজির রয়েছে বলে তিনি দাবি করেন। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “কংগ্রেস সাপ হয়ে কামড়ায়, আবার ওঝা হয়ে ঝাড়ে।”

অন্যদিকে, অপূর্ব ভট্টাচার্য ও সুনীল ডেকাও করিম উদ্দিন বড়ভূইয়ার উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে তাঁর পক্ষে ভোট চেয়েছেন।
নিজের বক্তব্যে করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, বর্তমান সরকারের আমলে শিলঘাট ও সোনাবাড়িঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে, যা কংগ্রেস আমলে বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট উন্নয়নকে প্রাধান্য দেয়। তিনি আরও জানান, গত পাঁচ বছর বিরোধী শিবিরে থাকার কারণে বহু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের ফলে কিছু কাজ করা গেছে। আগামী দিনে শাসক দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হলে সোনাইয়ে বড় প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সবশেষে, সোনাইয়ের উন্নয়নের স্বার্থে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান করিম উদ্দিন বড়ভূইয়া।



