বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ডলু চা-বাগানে প্রয়াত রাজেশ মির্ধার বাড়িতে গিয়ে কংগ্রেস প্রতিনিধিদল খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানালো কংগ্রেস। শনিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়ের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু চা-বাগানে প্রয়াত রাজেশ মির্ধার বাড়িতে যান। সঞ্জীব রায় রাজ্য সরকারের কাছে দাবি জানান, মৃতের স্ত্রী নিরালা মির্ধাকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যাতে তিনি বর্তমান ও ভবিষ্যতে জীবিকা নির্বাহ করতে সক্ষম হন। পাশাপাশি, নিরালা মির্ধার নাম অবিলম্বে অরুণোদয় প্রকল্প-এর সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।
এছাড়া, চা-বাগানের যুবক রাজেশ মির্ধার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অসম সরকারের কাছে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তোলে প্রতিনিধিদল। সঞ্জীব রায়ের সঙ্গে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিষ্ণুপদ বাগতি, মানিক মাল, প্রদীপ মির্ধা, আহাদ বড়ভুঁইয়া-সহ অন্যান্যরা। প্রতিনিধিদল জানায়, বিষয়টির অগ্রগতি নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখবে। উল্লেখ্য, রাজেশ মির্ধা বড়খলা থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার একদিন পর আইনগত হেফাজতে থাকাকালীন মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর ডলু এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবার বর্তমানে চরম অসহায় ও হতাশ অবস্থায় দিন কাটাচ্ছে বলে প্রতিনিধিদল জানায়।



