বরাক তরঙ্গ, ২৩ মার্চ : শিলচরসহ কাছাড় জেলার ছয় আসনের কংগ্রেস প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। শিলচর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, সোনাই আসনে আমিনুল হক লস্কর, উধারবন্দ কেন্দ্রে অজিত সিং, ধলাইয়ের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বড়খলায় ডাঃ অমিত কালোয়ার ও কাটুগড়ায় অমরচাঁদ জৈন মনোনয়ন জমা দেন।

এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলীয় সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের হয়। আনন্দ-উল্লাসের পরিবেশে সেই পদযাত্রা জেলা কমিশনার কার্যালয়ে গিয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জেলা শাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী অভিজিৎ পালসহ কংগ্রেসের অন্যান্য প্রার্থীরা বিজেপিকে কটাক্ষ করে দাবি করেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।



