রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নির্বাচনী প্রচার ক্রমেই জোরদার হচ্ছে। সোমবার শহরের আশ্রম রোড এলাকায় আয়োজিত এক বৃহৎ জনসভায় অংশগ্রহণ করেন তিনি। সভাস্থলে মহিলা-পুরুষসহ বিপুল সংখ্যক কংগ্রেস সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ পাল শিলচরের একাধিক গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিলচর মেডিক্যাল কলেজে সিন্ডিকেট রাজ চলছে, যার ফলে সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচিত হলে এই সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়াও শহরের জলাবদ্ধতা সমস্যা নিয়ে সরব হন তিনি। প্রতি বর্ষায় শিলচরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তা-ঘাটের উন্নয়ন, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং নাগরিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান।
তিনি আরও বলেন, কংগ্রেস সরকার গঠিত হলে স্বচ্ছ প্রশাসন ও জনমুখী নীতির মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে সরকারের মূল লক্ষ্য। আসন্ন ৯ তারিখের ভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, শিলচরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তিনি বলেন, “ভোটের মাধ্যমে মানুষ বিজেপি সরকারকে পরাজিত করে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে নিজেদের মতামত জানাবেন।”



