দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সেন্টার অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (সিএমএসআরইউ, উত্তর-পূর্বাঞ্চল)-এর ২৪তম সাধারণ পরিষদ সভার অংশ হিসেবে মঙ্গলবার এক বিবাহ ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা, স্থানীয় নাগরিক ও যুবকরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। সমাবেশে জনস্বার্থবিরোধী শ্রম কোড প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের মূল্যবৃদ্ধি রোধের দাবি জোরালোভাবে তোলা হয়। সংগঠনের নেতৃত্বে কাছাড় জেলাসহ উত্তর-পূর্বাঞ্চলে চলমান সংগ্রামকে আরও তীব্র করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সর্বভারতীয় ও রাজ্যপর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সর্বভারতীয় এফএমআরএ আই-এর সম্পাদক কৌশিক রায় চৌধুরী, সিআইটিইউ অসম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন শর্মা এবং কাছাড় জেলা কমিটির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ এই সংগ্রামকে পূর্ণ সমর্থন জানান। তাঁরা বলেন, সরকারের শ্রমিকবিরোধী নীতি অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের মুখোমুখি হতে হবে। সংগঠন জনমাধ্যমের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দাবি না মানলে আন্দোলন প্রসারিত করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। মেডিক্য়াল সেলস রিপ্রেজেন্টেটিভদের কর্মজীবনের অসুবিধা দূরীকরণের জন্যও সক্রিয় সংগ্রামের আহ্বান জানানো হয়।



