সোনাইয়ের দঃ কৃষ্ণপুরে কংগ্রেসের ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের প্রশিক্ষণ চলাকালীন দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : সোনাইয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। শুক্রবার বিকেলে সোনাবাড়িঘাট সংলগ্ন একটি বিবাহ ভবনে ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ চলাকালীন কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র ধস্তাধস্তি ও মারপিট শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গোটা প্রশিক্ষণ শিবির কার্যত ভেস্তে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলেও তা দ্রুত ব্যক্তিগত হাতাহাতিতে রূপ নেয়। চেয়ার-টেবিল উল্টে দেওয়া হয় এবং একাধিক কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে, যদিও দলীয়ভাবে আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। উত্তেজিত পরিস্থিতির জেরে বিবাহ ভবনের বাইরে ভিড় জমে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এআইসিসি-র নিযুক্ত ট্রেনার নেওয়াজ সিদ্দিকের উপস্থিতিতেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি সামনে থাকাকালীন এমন ঘটনা ঘটায় কংগ্রেসের সাংগঠনিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ ঐক্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিস্থিতি সামাল দিতে শিলচর রাঙ্গিরখাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিতির পর ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হলেও প্রশিক্ষণ শিবির বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই ও আশপাশের এলাকায় একাধিক প্রার্থীত্ব প্রত্যাশীর মধ্যে দীর্ঘদিন ধরেই লবি-কেন্দ্রিক দ্বন্দ্ব চলছিল। পাশাপাশি ভুয়ো মণ্ডল ও বুথ কমিটি গঠন, তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাংগঠনিক পদ বণ্টন নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে দলের অন্দরমহলে ক্ষোভ জমছিল। সেই চাপা অসন্তোষই শেষ পর্যন্ত প্রশিক্ষণ শিবিরের মঞ্চে বিস্ফোরিত হয় বলে রাজনৈতিক মহলের মত।

এই ঘটনার পর কংগ্রেসের অন্দরমহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা ও প্রদেশ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ঘটনার বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, বিষয়টি প্রদেশ নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *