এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশ বুধবার চৌরঙ্গী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই অভিযানে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়া এবং এসআই জ্যোতিষ কুমার নাথ-এর নেতৃত্বে একদল পুলিশ চৌরঙ্গী এলাকার লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের মালিক বাপ্পা মালাকারের কাছ থেকে শতাধিক ছোট ছোট কন্টেনারে সংরক্ষিত সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃতি ও পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় মাদক কারবারের অভিযোগে বাপ্পা মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি, মাদক সরবরাহের উৎস এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্কের সন্ধানেও তদন্ত শুরু করেছে পুলিশ।



