মিঞারা যাতে অসমে ভোট দিতে না পারে তার ব্যবস্থা আমরা করেছি : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : “ভোট চুরি বলতে কী, আমি একটু ‘মিঞা’দের ভোট চুরি করতে চাই। নিয়ম অনুযায়ী তাদের এখানে ভোট দেওয়ার কথা নয়, বাংলাদেশে দেওয়া উচিত। তারা যাতে অসমে ভোট দিতে না পারে, তার ব্যবস্থা আমরা করেছি। অসমে যখন এসআইআর (SIR) চালু হবে, তখন ৪-৫ লক্ষ ‘মিঞা’ ভোট কাটতে হবে। তাই এ নিয়ে কংগ্রেস আমাকে যত খুশি গালি দিক, আমার কাজ হল তাদের কষ্ট দেওয়া। এসআইআর-এ অসমীয়াদের কষ্ট হয়নি। একটু ‘মিঞা’রা কষ্ট পাক, তাতে আমার খারাপ লাগার কী আছে।”  এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার ডিগবয় বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যদি ‘মিঞা’রা কষ্ট না পায়, তাহলে তারা দুলীয়াজান পর্যন্ত চলে এসেছে, তিনসুকিয়াতেও এসেছে। কয়েকদিন আগে তিনিচুকিয়ায় জমি কেনাবেচার একটি তালিকা পেয়েছিলাম। সেখানে দেখেছি, হিন্দুদের জমি বিক্রির সংখ্যা বেশি এবং ‘মিঞা’ মুসলমানদের জমি কেনার সংখ্যা বেশি। তাই এখনই যদি সতর্ক না হই, তাহলে কখন সতর্ক হব?”

অন্যদিকে, আমিনগাঁওয়ে মুখ্যমন্ত্রীর নতুন সরকারি বাসভবন নির্মাণ নিয়ে অখিল গগৈয়ের মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমত, আমিনগাঁওয়ে কোনও ব্যক্তিগত বাসভবন তৈরি হচ্ছে না। দ্বিতীয়ত, এটি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন হবে, হিমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত বাসভবন নয়। অখিল গগৈ নিজেই বলছেন, আগামীবার সরকার আসবে না। তাহলে তিনি কেন এটিকে আমার বাসভবন বলে উল্লেখ করছেন? এর মানে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে অসমে আগামীবারও বিজেপি সরকার আসবে। মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরি হতে কত বছর লাগবে—তিন-চার বছর। আমার তো মনে হয়, এটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমার সেখানে থাকার সৌভাগ্যও নাও হতে পারে। কিন্তু অখিল গগৈ বলছেন, এটি হিমন্ত বিশ্ব শর্মার জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ, পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং অসমবাসীকেও বলেছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রীও হিমন্ত বিশ্ব শর্মাই হবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *