কর্মচারীরা প্রয়োজনে আগাম বেতন নিতে পারবেন : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের কর্মচারীরা প্রয়োজনে আগাম বেতন নিতে পারবেন। সোমবার দিসপুরের লোকসেবা ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পারস্পরিক বদলির জন্য ‘স্বাগত সতীৰ্থ পোর্টাল 2.0’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের কর্মচারীদের প্রয়োজনে আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। কর্মচারীরা কিস্তিতে সেই বেতন ফেরত দিতে পারবেন। আগাম বেতন নেওয়া কর্মচারীদের ব্যাঙ্কে ন্যূনতম সুদ দিতে হবে। যে তারিখে বেতন পাবেন, সেদিন একসঙ্গে পুরো টাকা পরিশোধ করা যাবে অথবা এক বছরের মধ্যে কিস্তিতে কিস্তিতে ফেরত দেওয়া যাবে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরত দিলে সুদের হার কম হবে, তবে কিস্তিতে দিলে সুদের হার কিছুটা বেশি হবে।

চাকরিতে বদলিকরণ নিয়েও বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘স্বাগত সতীর্থ পোর্টাল 2.0’ উদ্বোধন করেন। ৩১ মার্চের মধ্যে পোর্টালে বদলির আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সরকার।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “একটি আর্থিক বছরে দু’বার পোর্টাল খোলার কথা আমি বলেছিলাম। ৩১ মার্চের আগে আরও একটি বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে চাই, যাতে কর্মচারীরা ১ এপ্রিল (নতুন আর্থিক বছরের শুরু) থেকে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন। যাঁরা একবার স্বাগত সতীর্থ পোর্টালের মাধ্যমে সুবিধা পেয়েছেন, তাঁরা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। অর্থাৎ, আগেরবার উপকৃত হওয়া ৯,০০০ কর্মচারী এই সুযোগ পাবেন না। যাঁরা আগেরবার বঞ্চিত হয়েছিলেন, তাঁরা নিজেদের পছন্দের স্থানে আসার সুযোগ পাবেন।”

স্বাগত সতীর্থ পোর্টালের সময়সীমা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগেরবার আমরা ১ জানুয়ারি ২০২৫-এ স্বাগত সতীর্থ পোর্টাল চালু করেছিলাম এবং ৭ জুনে তা শেষ হয়েছিল। এবার আমরা চাই ৭ মার্চের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হোক। এর জন্য নির্বাচন কমিশনকে জানাতে হবে, যাতে এই প্রক্রিয়ায় ছাড় পাওয়া যায়, কারণ এটি কোনও রাজনৈতিক বিষয় নয়। মাত্র ১৫ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করার জন্য রাজ্য সরকারের কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *