মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন বরাক বুলেটিন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : অধিনায়ক অনির্বাণ রায় চৌধুরীর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে চতুর্দশ মিডিয়া ক্রিকেট ফেস্টের শিরোপা জিতে নিল বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে তারা ১৮ রানে হারায় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সকে। ফলে গ্রুপ পর্বে হারের বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বরাক বুলেটিন, আর টানা দ্বিতীয়বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় নববার্তাকে।

সকালের বৃষ্টি ও ভেজা মাঠের কারণে ম্যাচটি ১২ ওভারে সীমাবদ্ধ রাখা হয়। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় নববার্তা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অনির্বাণ ও প্রীতম দাস। মাত্র পাঁচ ওভারে দলীয় স্কোর ৬৫ রানে পৌঁছে যায়। প্রীতম ২১ রান করেন।

পরবর্তীতে অনির্বাণের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১২৪ রানের বড় সংগ্রহ গড়ে তোলে বরাক বুলেটিন। অনির্বাণ মাত্র ৩২ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। মনোজ রায় যোগ করেন ১৫ রান, সঙ্গে অতিরিক্ত থেকে আসে ২০ রান। নববার্তার হয়ে হুমায়ুন কবীর জসিম দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স লড়াই চালালেও নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১০৬ রানেই থেমে যায়। দেবব্রত দেব ৩৩ রানে অপরাজিত থাকেন। আব্দুল কাইয়ুম লস্কর ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে একসময় ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। জসিম করেন ২৫ রান।

বল হাতেও অনির্বাণ ছিলেন সমান উজ্জ্বল। তিনি তিন ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন।

টুর্নামেন্টে অনির্বাণই ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা বোলারের পুরস্কার পান (৮ উইকেট)। সেরা ব্যাটার হন জসিম (১২৭ রান)। সেরা ফিল্ডার প্রীতম দাস এবং সেরা উইকেটকিপার নির্বাচিত হন সত্যজিৎ। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতে প্যারামাউন্ট নিউজ রকার্স।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলসহ অন্যান্য পুরস্কারপ্রাপকদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *