দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : ভোট শেষ হতেই শিলচরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। কাপড়, জুতো থেকে শুরু করে বাসনপত্র—প্রায় সব ধরনের পণ্যে ভরে উঠেছে ফুটপাত। ক্রেতাদের ভিড়ে উপচে পড়ছে বাজার এলাকা, যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। বাড়তি চাপ সামলাতে একাধিক জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের কথায়, এবারের চৈত্র সেলে ছাড়ের হার আগের তুলনায় বেশি, যা ক্রেতাদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। পয়লা বৈশাখ আর মাত্র দু’দিন বাকি থাকায় কেনাকাটার জন্য দলে দলে বাজারমুখী হচ্ছেন মানুষ।
অন্যদিকে, ক্রেতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সামগ্রী কিনতে ব্যস্ত তাঁরা। অনেকেই জানিয়েছেন, শেষ মুহূর্তের কেনাকাটার জন্যই তাঁরা বাজারে এসেছেন। পয়লা বৈশাখের আর মাত্র দু’দিন বাকি থাকায় আগামীকাল ও পরশু ভিড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও প্রশাসনের কর্তারা। উৎসবের আগে কেনাকাটার এই ব্যস্ততায় এখন প্রাণচঞ্চল হয়ে উঠেছে গোটা শিলচর শহর।



