এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ে ‘রাষ্ট্রীয় সেবা প্রোৎসাহন যোজনা’ উদযাপন

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : শনিবার শ্রীভূমি জেলার এরালিগুলস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে মহাবিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যপাল কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রীয় সেবা প্রোৎসাহন যোজনা’ (২০২৫–২০২৬) উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। অসম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে পরিচালিত এই জাতীয় কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, নাগরিক সচেতনতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলা, পাশাপাশি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার সমাধানে যুবসমাজকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানের শুভারম্ভ হয় মহাবিদ্যালয়ের  অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তীর স্বাগত ভাষণের মাধ্যমে। তিনি তাঁর বক্তব্যে ‘রাষ্ট্রীয় সেবা প্রোৎসাহন যোজনা’-র গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবসমাজকে এ ধরনের সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং করিমগঞ্জ সপ্তবর্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহকারী সম্পাদক তাহির আহমেদ তাপাদার; পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ভগ্যশ্রী বরুয়া; এবং অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীন করিমগঞ্জ সিভিল হাসপাতালের এসএসকে ম্যানেজার ফাতিমা বেগম লস্কর। বক্তারা তাঁদের বক্তব্যে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, প্রবীণ নাগরিকদের সহায়তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা এসব সমস্যার সমাধানে যুবসমাজ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সামাজিক সচেতনতা ও জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পায় এবং সমসাময়িক সামাজিক সমস্যাগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এনএসএস স্বেচ্ছাসেবক, ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায়। এনএসএস প্রোগ্রাম অফিসার ড. রফিউল আমিন লস্কর এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর জ্যোতিময় গোহাঁই অনুষ্ঠানের সার্বিক আয়োজন তত্ত্বাবধান করেন। শেষে মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সতীনাথ পাল ধন্যবাদজ্ঞাপন করেন এবং অতিথি, অধ্যক্ষ, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *