বরাক তরঙ্গ, ২ এপ্রিল : মিজোরামে তোরিয়াল হাইড্রোইলেক্ট্রিক প্রকল্পের আওতায় সোনাই নদীর উজানে নির্মিত বাঁধের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে সোনাই নদী। এরই মধ্যে নদীর জলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ঘটনায় বনরাজ পাঁচ সমাজের পক্ষ থেকে পালংঘাট আউটপোস্টে একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মিত বাঁধের পর থেকেই নদীর জলের স্তর অস্বাভাবিকভাবে কমে গেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। বৃহত্তর সোনাই ও ধলাই অঞ্চলের মানুষের পানীয়জলের প্রধান উৎস এই নদী।
এমন অবস্থায় কিছু অসাধু ব্যক্তি নদীর পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে নদীর জলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে উঠছে। গত এক সপ্তাহে অন্তত তিনবার এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এলাকাবাসীর মতে, একদিকে বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে, অন্যদিকে বিষ প্রয়োগে মাছ নিধন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে ভবিষ্যতে তীব্র পানীয় জলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বনরাজ পাঁচ সমাজসহ স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



