বরাক তরঙ্গ, ১১ মার্চ : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে বুধবার পশ্চিম জালেঙ্গা চা-বাগানের হাসপাতাল প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। চা-বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন ডাঃ দর্শনা পাটোয়া এবং ডাঃ রঞ্জনা ধর। এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শাখার সভাপতি ডাঃ কিংশুক অধিকারী শিবিরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে সকল সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। চা-বাগান এলাকার শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে রক্তস্বল্পতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) শনাক্ত করার জন্য হিমোগ্লোবিন পরীক্ষাও করা হয়। শিবিরটি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ড. প্রানেশ দেবনাথ ও সৌরভ দে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। শাখার সম্পাদক শঙ্কর সরকার স্বাস্থ্য শিবিরটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শাখার সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।




