বাইকের পেছনে প্রাক্তন স্ত্রীকে বঁধে নির্মম অত্যাচার, স্বামীকে ঘিরে গণপিটুনি জনতার

Spread the news

৩ এপ্রিল : উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানগাড়া কোতোয়ালি এলাকায় এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। রইস নামে এক ব্যক্তি নিজের প্রাক্তন স্ত্রী রেশমাকে খুনের উদ্দেশ্যে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রইস রানগাঁওয়ের মুদ্রায়াপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, নানপাড়ায় হঠাৎই প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার দেখা হয়, আর সেখান থেকেই শুরু হয় তীব্র বাগবিতণ্ডা, যা পরে ভয়াবহ রূপ নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রইস ও রেশমার বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকেই রেশমা তার বাবার বাড়িতে থাকছিলেন। বুধবার, লক্ষণপুর মহতেহি গ্রাম থেকে বাড়ি ফেরার সময় রইস তার পথ আটকায়। প্রথমে দু’জনের মধ্যে তর্ক হয়, এরপর আচমকাই রইস রেশমাকে বাইক দিয়ে ধাক্কা মারে। তাতেও ক্ষান্ত না হয়ে, সে রেশমাকে বাইকের সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যেতে শুরু করে বলে অভিযোগ।

এই নৃশংস দৃশ্য দেখে আশপাশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। রেশমার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত রইসকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। পুলিশ জানিয়েছে, রইসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, শারীরিক নির্যাতন, ভয় দেখানো এবং অপমানের অভিযোগ। বর্তমানে অভিযুক্ত ও ভুক্তভোগী-দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীর কড়া শাস্তির আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *