নিলামবাজারে নৃশংস হত্যাকাণ্ড, কুঠারের আঘাতে স্ত্রীর মৃত্যু, আত্মসমর্পণ স্বামীর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার নিলামবাজারে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পারিবারিক কলহের জেরে স্বামীর কুঠারের আঘাতে প্রাণ হারালেন স্ত্রী সুফিয়া বেগম। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার।
ঘটনার পর অভিযুক্ত স্বামী জয়নাল উদ্দিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রতিবেশীদের কথায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হতো। তবে সেই বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কেউ ভাবতে পারেননি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার দিন বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কুঠারের আঘাতে ঘটনাস্থলেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাড়ির সামনে ভিড় জমে স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই হত্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *