বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বিজ্ঞান ভিত্তিক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর উদ্যোগে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে একটি আলোচনা সভা শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। ইণ্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যাডুকেশন অ্যান্ড রিচার্স এর অবসরপ্রাপ্ত ডাইরেক্টর প্রখ্যাত বৈজ্ঞানিক ডা সৌমিত্র ব্যানার্জী আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের আসাম চাপ্টারের অন্যতম আহ্বায়ক পিন্টু দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের শিলচর চাপ্টারের আহ্বায়ক অনন্যা দত্ত।
ডাঃ সৌমিত্র ব্যানার্জও তাঁর সারগর্ভ বক্তব্যে বলেন, বর্তমান যুগে বিজ্ঞানমনস্কতা কেবল বিজ্ঞানীদের বিষয় নয়, বরং এটি প্রতিটি সচেতন মানুষের জীবনদর্শনের অংশ হওয়া প্রয়োজন। বিজ্ঞানমনস্কতা মানে শুধু বিজ্ঞানের তথ্য জানা নয়, বরং যুক্তি, প্রমাণ ও কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে কোনো বিষয়কে বিচার করা। তিনি বলেন, আমাদের সমাজে এখনও অনেক কুসংস্কার ও ঝাড়ফুঁকের মতো অবৈজ্ঞানিক প্রথা প্রচলিত আছে। বিজ্ঞানমনস্কতা মানুষকে প্রশ্ন করতে শেখায়। যখন কেউ কোনও ঘটনার পেছনে ‘অলৌকিক’ কারণ না খুঁজে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে, তখন সমাজ থেকে অন্ধবিশ্বাস দূর হয়। তিনি এও বলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে গেলে তথ্যের বিশ্লেষণ প্রয়োজন। বিজ্ঞানমনস্ক মানুষ আবেগের বশবর্তী না হয়ে তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, যা ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। বিজ্ঞানমনস্কতা স্থবিরতা ভেঙে নতুন চিন্তার পথ দেখায়, যা সামাজিক ও অর্থনৈতিক প্রগতির চাবিকাঠি। তিনি সবাইকে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার আহবান জানান।
আলোচনা সভার শেষে শিলচরের তিনটি বিজ্ঞান ভিত্তিক সংগঠন যথাক্রমে স্মাইল, মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার এবং দহিউম্যান সায়েন্স ফোরামকে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্মাইল এর পক্ষ থেকে তা গ্রহণ করেন সুরজিৎ সোম, অনুরূপভাবে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে গ্রহণ করেন সংগঠনের সভাপতি নির্মল কুমার দাস সহ পরিতোষ দত্ত ও সুকল্পা দত্ত। মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের আহ্বায়ক কৃষাণু ভট্টাচার্য সহ মধুসূদন কর, হরিদাস দত্ত, কমল চক্রবর্তী, রাহুল রায়, খাদেজা লস্কর, সত্যজিৎ গুপ্ত প্রমুখ সম্মাননা গ্রহণ করেন।
আজকের অনুষ্ঠানে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবির আহমেদ, কিসান দাস, সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।



