বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : আকসার প্রাক্তনীদের উদ্যোগে “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” শীর্ষক গ্রন্থের বিতরণ উপলক্ষে গতকাল আলগাপুর বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন পালের ব্যবসায়িক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকসারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, মওলানা উছামা মবরুর চৌধুরী, এসএস কলেজের প্রাক্তন অধ্যাপক ড. নিজাম উদ্দিন চৌধুরী, ভি-এড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. হিফজুর রহমান লস্কর, বিশিষ্ট সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, কবি আশুতোষ দাস, মওলানা জলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথির ভাষণে আকসারের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী প্রদীপ দত্ত রায় বলেন, “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” গ্রন্থে আকসারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় স্থাপনের দীর্ঘ আন্দোলনের বহু মূল্যবান তথ্য সংকলিত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল বরাক উপত্যকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল, যার কেন্দ্রে ছিল আকসারের সুদীর্ঘ আন্দোলন।
তিনি তাঁর বক্তব্যে বিশেষভাবে রক্ষণশীল হিসেবে পরিচিত মুসলিম নারীদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কথাও উল্লেখ করেন, যা সেই সময়ের সামাজিক বাস্তবতায় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সাহসী ভূমিকা। অন্যান্য বক্তারাও আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আকসার দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়সহ প্রাক্তন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সভা শেষে “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” গ্রন্থের প্রায় একশত কপি আকসার প্রাক্তনীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আকসার প্রাক্তনী সদস্য ও বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী অঞ্জন পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকসার প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মুজিবুর রহমান বড়ভূইয়া।



