দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের (জিএনআরএফ) উদ্যোগে মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোডের নতুন জ্যামে মাসজিদ বাতেনশাহ বাবা (বাত্তি মামুর) মোকাম সংলগ্নে রবিবার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পড়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন।“ এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন”—এই মানবিক স্লোগানকে কেন্দ্র করে মোকাম প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে শিবিরটি অনুষ্ঠিত হয়।
শিলচর সিভিল হাসপাতালের নেতৃত্বাধীন মেডিকেল টিম রক্ত সংগ্রহ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে। গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় যুব সমাজের সক্রিয় সহযোগিতায় শিবিরটি সুশৃঙ্খল ও সফলভাবে শেষ হয়। দাওয়াতে ইসলামির ভারতের একটি ইউনিট গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে এই সংগঠন খাদ্য বিতরণ, মানবিক সহায়তা, নেশা-বিরোধী সচেতনতা, শিক্ষা সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়। সংগঠনের সদস্যরা জানান, সমাজের প্রত্যেককে মানবতার পথে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য এবং এই আদর্শ নিয়ে তারা নিরলস কাজ করে চলেছেন।



