দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : “মনরেগা বাঁচাও” অনশন ধর্মঘট পালন করল পালংঘাট ব্লক কংগ্রেস কমিটিও। সোমবার পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এই অনশন ধর্মঘটের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ১০০ দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে”, “মনরেগা বাঁচাও আন্দোলন চলবে”, “মোদি সরকার নিপাত যাক” সহ বিভিন্ন স্লোগান। অনশন ধর্মঘটে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, বিজেপি সরকার সম্পূর্ণভাবে বিদ্বেষপূর্ণ রাজনীতি করছে। কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে, এমনকি একের পর এক জায়গার নাম বদলে দেওয়া হচ্ছে—যা দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও ইতিহাসের প্রতি চরম অবমাননা।
ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন মনমোহন সিং সরকারের আমলেই এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তথা মনরেগা প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ এলাকার অসংগঠিত শ্রমিকদের বছরে ১০০ দিনের রোজগারের আইনি নিশ্চয়তা দেওয়া হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে এই প্রকল্পের নামকরণ করা হয়েছিল, যা গ্রামীণ ভারতের আত্মনির্ভরতার প্রতীক । তিনি অভিযোগ করে বলেন, বর্তমান বিজেপি সরকার পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। কখনও বরাদ্দ কমিয়ে, কখনও কাজ বন্ধ রেখে, আবার কখনও প্রকল্পটিকে পুরোপুরি তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র, শ্রমজীবী ও প্রান্তিক মানুষ। ধ্রুবজ্যোতি পুরকায়স্থ আরও বলেন, মহাত্মা গান্ধী সর্বদা গ্রাম স্বরাজের কথা বলেছেন। গ্রামভিত্তিক উন্নয়নের যে দর্শন গান্ধীজি দেখিয়েছিলেন, মনরেগা প্রকল্প তারই বাস্তব রূপ। সেই প্রকল্প সরিয়ে দেওয়ার যেকোনো চেষ্টাকে কংগ্রেস কখনোই মেনে নেবে না। প্রয়োজনে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি বিজেপি সরকারের এই বিদ্বেষপূর্ণ ও জনবিরোধী রাজনীতির তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং বলেন, কংগ্রেস দল সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবে। অনশন ধর্মঘটে আরও বক্তব্য রাখেন পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওমপ্রকাশ সিং । তিনি বলেন, মনরেগা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এই প্রকল্প দুর্বল হলে গ্রামীণ ভারতের মানুষ চরম সংকটে পড়বে। কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সম্পাদক আব্দুল জলিল লস্কর, আলতাফ হোসেন বড়ভূঁইয়া, সঞ্জয় দেব, পালংঘাট ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা কালিন্দী, ব্লক যুব কংগ্রেস সহ-সভাপতি প্রকাশ কাহার সহ কংগ্রেসের বহু নেতা-কর্মী। অনশন ধর্মঘট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচির মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়—মনরেগা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।



