বরাক তরঙ্গ, ২৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিজেপির ছয় প্রার্থী রাজদীপ রায়, কৌশিক রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, কমলাক্ষ দে পুরকায়স্থ ও অমিয়কান্তি দাশ সোমবার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনেই তাঁরা প্রক্রিয়া সম্পন্ন করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হওয়া এক বিশাল পদযাত্রায় অংশ নেন প্রার্থীরা। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির অসম রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ দলের শীর্ষ নেতৃত্ব।
পরে প্রার্থীরা জানান, আসন্ন নির্বাচনে বরাক উপত্যকায় কংগ্রেসকে সম্পূর্ণরূপে পরাজিত করে বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করবে। শিলচর সমষ্টি সহ সমগ্র কাছাড় জেলায় দলের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বলেও তাঁরা দাবি করেন।
এদিন শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে জেলা কমিশনারের কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল।




